দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্ত তেলিয়াপাড়া শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ চারজনকে পুশইনের চেষ্টা করলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি ও গ্রামবাসী প্রতিহত করেছে। তবে তারা ভারত বাংলাদেশের সীমান্তের শূন্য দেখায় অবস্থান করছে।
একই পরিবারের চারজনের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। এদের মধ্যে একজন প্রতিবন্ধী পুরুষ রয়েছেন।
শনিবার (১১ জুলাই) ভোরের দিকে মেইন পিলার ৩১৫/১২ সীমান্ত দিয়ে বিএসএফ দাইনুর সীমান্ত দিয়ে এই চারজনকে পুশইনের চেষ্টা করে। এলাকাবাসী টের পেয়ে বিজিবিকে খবর দিলে তারা পুশইনের চেষ্টা প্রতিহত করে। বিএসএফ দাবি করেছে তারা বাংলাদেশ নাগরিক।
কিন্তু এর সত্যতা না পাওয়ায় তাদের প্রতিহত করে রেখেছে বিজিবি। তবে সীমান্তের শূন্য রেখায় এখনো অবস্থান করছে একই পরিবারের প্রতিবন্ধী ও নারীসহ চারজন।
তথ্যটি নিশ্চিত করেছে দিনাজপুর সেক্টরের ২৯ বিজিবি’র দায়িত্বশীল সূত্র।



