চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকার সাত্তার মাঝির ঘাটসংলগ্ন বেড়িবাঁধের ব্লকের ফাঁকে লাশটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন জেলে ও পথচারী উপকূল এলাকায় গেলে ব্লকের মাঝে আটকে থাকা লাশটি তাদের নজরে আসে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন।
লাশটির পরনে কালো রঙের ফুলহাতা টি-শার্ট ছিল।
স্থানীয় ইউপি সদস্য মো: রফিক জানান, ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে এসে লাশটি বেড়িবাঁধের ব্লকের মধ্যে আটকে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
তিনি আরো বলেন, ‘মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’



