শিক্ষকদের মর্যাদা, ন্যায্য অধিকার ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি শক্তিশালী শিক্ষক সমাজই দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।
শনিবার (২৫ জুলাই) ঈশ্বরদী শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু তালেব মণ্ডল বলেন, ‘শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনের ভূমিকা আরো শক্তিশালী করতে হবে।’
একই সাথে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সমাজকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এতে সভাপতিত্ব করেন মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান। সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামীম আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি মো: সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, অফিস সেক্রেটারি মারুফ মো: আহসানউজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি সুলতান আলী বিশ্বাস টনি, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, ছাত্রশিবিরের ঈশ্বরদী উপজেলা সাবেক সভাপতি ছগির বিন নাসির এবং বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মুক্তার হোসেন।
আয়োজকরা জানায়, শিক্ষক সমাজের ঐক্য সুদৃঢ় করা, সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করা, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষায় কার্যকর নেতৃত্ব নির্বাচন এবং পারস্পরিক সম্প্রীতি ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এ ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী আয়োজিত সম্মেলন ও নির্বাচনকে ঘিরে শিক্ষক সমাজের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনকে আরো শক্তিশালী করার পাশাপাশি শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।



