নজরুল ইসলাম খান

রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দেশ

‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও এখনো আমাদের আন্দোলনের মূল লক্ষ্য পূরণ হয়নি।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান
বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান |নয়া দিগন্ত

বর্তমানে দেশ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই দ্রুত দেশের অস্থিরতা কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২৩ মে) বিকেলে বগুড়া শহরের ফাইভ স্টার হোটেল মমইন কনভেনশন হলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের বন্ধ সকল জুট মিল চালু করে শ্রমিকদের ন্যায্য পাওয়া বুঝিয়ে দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে নিতে শিক্ষিত বেকার যুবকদের কাজে লাগাতে হবে। বিএনপি সবসময় একটি তারুণ্যনির্ভর দল হিসেবে পরিচিত।’

বিএনপির এ নেতা বলেন, ‘তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নিবেন। তাই তিনি কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারের নির্দেশ দিয়েছেন। বিএনপি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে তরুণদের মতামত, স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ প্রক্রিয়ায় দলটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে আরো স্বচ্ছ, দায়বদ্ধ ও গণমুখী করে তুলতে চায়।’

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও এখনো আমাদের আন্দোলনের মূল লক্ষ্য পূরণ হয়নি। এখন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। স্থানীয় সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না। বর্তমান অন্তর্বর্তী সরকার যতগুলো সংস্কার কমিশন গঠন করেছে তা সব তারেক রহমান ঘোষিত ৩১ দফায় আছে। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে এসব সংস্কার করবে।’

এ সময় তিনি রাজশাহী ও রংপুর বিভাগ থেকে আগত তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, অস্ট্রেলিয়া সিডনি ওয়াটারের স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ড: ফয়সাল কবীর শুভ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী কাজী জেসিন, আবহাওয়া ডট কমের প্রতিষ্ঠাতা ও গবেষক মোস্তফা কামাল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র অধ্যাপক ড. রিদওয়ানুল হক, এইচ আর বিশেষজ্ঞ শারমিন সুলতানা জয়া, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জুলকারিন জাহাঙ্গীর।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, বিএনপি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, বিএনপি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, ওবায়দুর রহমান চন্দন, রায়হান কবির রনি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা: মইনুল হাসান সাদিক, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম রফিক, গোলাম মোহাম্মাদ সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে শনিবার শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উত্তরের ১৬ জেলার তরুণরা অংশ নেবেন।