কুমিল্লা প্রতিনিধি ও দাউদকান্দি সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দিতে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই ট্রাক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৬ জন আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনায় নিহত সুমনের ভাই সামিউল ইসলাম দাউদকান্দি থানায় মামলাটি করেন। এ দুর্ঘটনায় নিহত ও আহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয় হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, নিহতের এক স্বজন অজ্ঞাত গাড়ি চালককে আসামি করে মামলা দায়ের করেছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।
স্থানীয় সংসদ সদস্যও আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া, দাউদকান্দি জামায়াতের নেতা-কর্মীরা নিহতদের লাশ নিজ নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থাসহ দুর্ঘটনাস্থলে আসা নিহত ও আহতদের স্বজনদের আপ্যায়নের ব্যবস্থা করেন।



