চিতলমারীতে রমজানের শুরুতেই বেড়েছে সবজি ও মসলার দাম

বাজারে প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ১০০ টাকা দরে, যা একদিন আগে দাম ছিল ৪০ টাকা। ১৪০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। এছাড়া বিভিন্ন মসলার দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

Location :

Bagerhat
উপজেলা সদর বাজার
উপজেলা সদর বাজার |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের চিতলমারীতে রমজানের শুরুতেই সবজি ও মসলার দাম বেড়েছে। বাড়তি দামে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে নিম্ন আয়ের মানুষরা বিপাকে পড়েছেন। হঠাৎ করে দাম বৃদ্ধিতে পছন্দের তালিকার পণ্য না কিনে অনেকেই খালি হাতে ফিরছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাটের দিনে উপজেলা সদর বাজার ঘুরে জানা গেছে, এদিন এ বাজারে প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ১০০ টাকা দরে, যা একদিন আগে দাম ছিল ৪০ টাকা। প্রতি কেজি শসা বিক্রি হয়েছে ১০০ টাকা দরে, যা একদিন আগে বিক্রি হয়েছে ৫০ টাকায়।

এছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকা। একদিন আগে যার দাম ছিল ৫০ টাকা। ১৪০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে, যা একদিন আগে ছিল ৫০ টাকা। এছাড়া বিভিন্ন মসলার দাম প্রকার ভেদে প্রায় দ্বিগুণ হয়েছে বলে খুচরা বিক্রেতারা জানিয়েছেন।

ঘড়ির মেকার রুহুল আমিন মিঠু, চা দোকানী ফজলুল তালুকদার, ভ্যানচালক সেলিম মিয়াসহ বাজার করতে আসা অনেকে আক্ষেপের সাথে জানান, হঠাৎ করে দাম বৃদ্ধিতে তারা চরম বিপাকে পড়েছেন। তাই পছন্দের তালিকায় থাকা অনেক প্রয়োজনীয় পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরছেন।

চিতলমারী বাজারের খুচরা মসলা বিক্রেতা তপন হাজরা জানান, হঠাৎ করেই মসলার দাম দ্বিগুণ হয়ে গেছে। মোকামে বেশি দাম। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন বলেন, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা কাজ করছি। রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। আমরা ব্যবসায়ীদের সাথে বসব। কথা বলব। অযথা মূল্যবৃদ্ধি করে মানুষকে ঠকানো যাবে না।’