গাবতলীতে ট্রাক মালিককে গলাকেটে হত্যা

‘বাবা প্রতিদিন দেরি করে বাড়ি ফেরেন। কাল ভোরেও যখন বাবা ফিরছিলেন না, তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে বাড়ির সামনেই বাবার রক্তাক্ত লাশ দেখতে পাই।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Gabtali
ব্যবসায়ীকে গলাকেটে হত্যা
ব্যবসায়ীকে গলাকেটে হত্যা |নয়া দিগন্ত গ্রাফিক্স

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামের এক ট্রাক মালিককে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি ঘাসের জমিতে তাকে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে। পুলিশের ধারণা, ব্যবসায়িক কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম প্রতিদিন গভীর রাতে কাজ শেষে বাড়ি ফিরতেন। শনিবার দিবাগত রাতেও তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। তার মোবাইলফোনে কল দিলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে ভোরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তার রক্তাক্ত লাশ দেখতে পান স্বজনরা।

নিহত জামাল উদ্দিনের মেয়ে সাদিয়া আক্তার বলেন, ‘বাবা প্রতিদিন দেরি করে বাড়ি ফেরেন। কাল ভোরেও যখন বাবা ফিরছিলেন না, তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে বাড়ির সামনেই বাবার রক্তাক্ত লাশ দেখতে পাই। গাবতলী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’