যশোরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে নিহত হয়েছেন তার ছোট বোন শারমিন (২৫)।
বুধবার বেলা ১১টার পরে সদর উপজেলার সুজলপুর গ্রামে ঘটেছে।
নিহত শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। ঘাতক ভাইয়ের নাম খোকন, তিনি একই গ্রামের কাশেম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন ও খোকনের পরিবার একই বাড়িতে ভাড়া থাকে। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীকে মারপিট করতে যান। একপর্যায়ে পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খোকনকে আটকের চেষ্টা চলছে।



