ফেনীর সোনাগাজীতে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুবিদ রায়হানের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।
শুক্রবার (২২ মে) রাত ১০টায় সোনাগাজী পৌর শহরে উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া ও পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি জিরো পয়েন্টসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোনাগাজী মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘ছাত্রলীগ ক্যাডার পুলিশ সুপার মানি না, মানবো না’ স্লোগান দেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভে নেতারা অভিযোগ করে বলেন, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুবিদ রায়হান দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ করছেন।
তারা দাবি করেন, স্থানীয় কিশোর গ্যাং ও ছাত্রলীগ ক্যাডারদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দিচ্ছেন।
উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, ‘তার বিরুদ্ধে সালিশ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে আলোচিত। জনগণের দাবির অংশ হিসেবেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।’
অভিযোগের বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুবিদ রায়হানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ‘বিক্ষোভটি রাস্তায় হয়েছে, কেউ থানা ঘেরাও করেনি।’



