হিন্দু ভাইয়েরা বীরদর্পে ঘুরে বেড়াবেন : নায়াব ইউসুফ

বার ভোটে আমি জয়ী হয়েছি। সকলে মিলে আমরা একটি সুন্দর জনপদ গড়ে তুলতে চাই, যেখানে নেতা এবং কর্মীর কোনো ভেদাভেদ থাকবে না।

Location :

Faridpur
ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী-সমর্থকরা শুভেচ্ছা জানান নবনির্বাচিত সংসদ সদস্য নায়াব ইউসুফকে
ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী-সমর্থকরা শুভেচ্ছা জানান নবনির্বাচিত সংসদ সদস্য নায়াব ইউসুফকে |নয়া দিগন্ত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, সবার ভোটে আমি জয়ী হয়েছি। সকলে মিলে আমরা একটি সুন্দর জনপদ গড়ে তুলতে চাই, যেখানে নেতা এবং কর্মীর কোনো ভেদাভেদ থাকবে না। আমি এই ফরিদপুরবাসীর উন্নয়ন দেখেই নেতৃত্ব ছাড়বো। তার আগে কেউ আমাকে নেতৃত্ব থেকে সরাতে পারবে না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী-সমর্থকদের ফুলেল শুভেচ্ছার জবাবে নায়াব ইউসুফ একথা বলেন।

তিনি ধানের শীষকে পরাজিত করতে অনেক ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে সকলকে এই ষড়যন্ত্র রুখে দেয়ারও আহ্বান জানিয়ে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আমি যেনো হতে না পারি। আমাকে দুর্বল করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপির হয়ে আপনাদের সেবা দিয়েছি। সেই ষড়যন্ত্র শুধু আমার বিরুদ্ধে হবেনা, আমাদের দলের বিরুদ্ধে হবে।

নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরের উন্নয়ন হবে সকলের জন্য উন্নয়ন। ফরিদপুরে অনেক বছর পরে ধানের শীষের এমপি হলো। ধানের শীষের ঘাঁটিতে শক্তিশালী করবো যাতে ফরিদপুরের উন্নয়ন ব্যাহত না হয়।

তিনি বলেন, আমার পরিবার ফরিদপুরবাসীর জন্য সবসময় থেকেছে। ফরিদপুরবাসীকে যখনই আমার প্রয়োজনে ডেকেছি, তখনই আমি তাদের পেয়েছি। এই ফরিদপুরবাসী আমাকে ভালবাসে। এই ফরিদপুরবাসী ময়েজমঞ্জিলকে ভালবাসে। এই ফরিদপুরবাসী ধানের শীষকে ভালবাসে।

তিনি আরা বলেন, হিন্দু ভাইয়েরা সাহসের সাথে চলবেন। এখানে ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখবেন, আপনাদের পাশে নায়াব ইউসুফকে পেয়েছেন। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তাকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য হওয়ার সুযোগ করে দেয়ার জন্য।

ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক তানভীল চৌধুরী রুবেলসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।