মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসায় রাজশাহীর আতিথেয়তা ও উন্নয়ন সম্ভাবনা

রাষ্ট্রদূতের এ মন্তব্যকে রাজশাহীর ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ ও স্বীকৃতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সাথে এটি নগর উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করা হচ্ছে।

Location :

Rajshahi
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন |নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন সম্ভাবনা এবং আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ এবং রাজশাহী সফর শেষে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় রাষ্ট্রদূত বলেন, “পদ্মা থেকে পাহাড়পুর—রাজশাহীর ইতিহাস ও প্রাণশক্তি সত্যিই অসাধারণ। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমাদের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করছি।”

রাষ্ট্রদূতের এ মন্তব্যকে রাজশাহীর ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ ও স্বীকৃতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সাথে এটি নগর উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ সৌজন্য সাক্ষাৎ রাজশাহী ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ বিষয়ে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে একটি সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সাথে কার্যকর সহযোগিতা আরও সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের রাজশাহী সফর এবং তার ইতিবাচক মূল্যায়ন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”

তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন কার্যক্রম ও সম্ভাবনা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি পরিচিত হবে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।