পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নতুন ট্রলার নদীতে নামাতে গিয়ে ট্রলারের নিচে চাপা পড়ে সিজন মুন্সী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (২০ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— জহিরুল প্যাদা (৩৫), রাকিব মুন্সী (২০) ও ইমরান হাওলাদার (২৪)। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকলেই উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানপট্টি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ১৮ লাখ টাকা খরচে আনছার মুন্সীর ছেলে সিজন মুন্সী মাছ ধরার জন্য একটি ট্রলার তৈরি করেন। ট্রলার তৈরি শেষে সেটি নদীতে নামাতে গেলে ট্রলারটি তাদের চাপা দেয়। আহতদের সাথে সাথে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে সিজন মুন্সী মারা যান। বাকিদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গলাচিপা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) কামাল হোসেন জানান, লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। তবে পরবর্তী করণীয় সম্পর্কে এখনো সিদ্ধান্ত হয়নি।



