নোয়াখালীতে গৃহবধুকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামের এক গৃহবধুকে ভোরে নামাজরত অবস্থায় পেছনের দিক থেকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী গোলাম সারোয়ার পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলায় নিহতের ছেলে আদালতে সাক্ষ্য দেয় বাবার বিরুদ্ধে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: সেলিম শাহী।
তিনি বলেন, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এই রায় প্রদান করেছেন। যা সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।



