জামালপুরের মাদারগঞ্জে ঐতিহ্যবাহী মই দৌড় খেলা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী মই দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছে।

Location :

Madarganj
জামালপুরের মাদারগঞ্জে ঐতিহ্যবাহী মই দৌড় খেলা
জামালপুরের মাদারগঞ্জে ঐতিহ্যবাহী মই দৌড় খেলা |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী মই দৌড় খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারের পশ্চিম পাশের খোলা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মই দৌড় খেলাকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মোখলেছুর রহমান মোখলেস।

তিনি বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতি ও সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ। হারিয়ে যেতে বসা এসব খেলাকে বাঁচিয়ে রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এমন আয়োজন তরুণ প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সাথে পরিচিত করে।

খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোর মাঠে ভিড় করেন।

স্থানীয়রা জানান, আগে গ্রামাঞ্চলে নিয়মিত এমন খেলাধুলার আয়োজন হলেও সময়ের পরিবর্তনে তা অনেকটাই হারিয়ে গেছে। মাঝে মধ্যে এ ধরনের আয়োজন হলে মানুষের মাঝে আনন্দ ফিরে আসবে এবং গ্রামীণ সংস্কৃতি নতুন করে প্রাণ পাবে।

ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় অংশ নেয় ইদ্রিস আলীর দল ও পিয়ারুলের দল। তুমুল লড়াই শেষে ইদ্রিস আলীর দল বিশাল ব্যবধানে জয়লাভ করে।

খেলায় বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি গরু এবং রানারআপ দলের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করা হয়।