নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, ‘আপনাদের সাথে আমার নির্বাচনের সম্পর্ক না। আপনাদের সাথে আমার মাটির সম্পর্ক, হৃদয়ের ও আত্মার সম্পর্ক। কারণ নির্বাচন ও রাজনীতি দিয়ে এই সম্পর্কের হিসাব করা যায় না। নির্বাচনের পরে আপনাদের সাথে আমার দেখা হবে। আমি ১৭ বছর ধরে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। আপনারা বিচার করবেন আমি ছিলাম কি ছিলাম না। এই নির্বাচনের আমাকে বিজয়ী হওয়ার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমাকে সুযোগ দিবেন যাতে আমি আপনাদের পাশে থেকে সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে পারি।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘আপনাদের মেয়ে ও বোন হিসেবে বিপদে আপদে সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান চলে গেছেন। তার অবর্তমানে উনার অসম্পন্ন কাজগুলো আমি করে যেতে পারি সেই সুযোগ আমাকে দিবেন।’
তিনি বলেন, ‘আমার বাবা সব সময় ন্যায় ও সত্যের পথে চলেছে। কখনো মিথ্যার সাথে আপোস করেননি। এর জন্য তার বিরুদ্ধে অনেক যড়যন্ত্র হয়েছে। কিন্তু জীবনেও সে কখনো মিথ্যার সাথে আপোস করেননি। উনার সন্তান হিসেবে আমি আপনাদের কথা দিতে পারি আমি আপনাদের সাথে আছি এবং আজীবন থাকবো। আপনারা যদি সত্যের পথে ও ন্যায়ের পথে থাকেন আপনাদের জন্য আমি আমৃত্যু কাজ করে যাবো ইনশাআল্লাহ।’
বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে ও মেজর (অব:) শাহ্ আলমের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, সারথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, ইমদাদ ফকির, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, মো: জসিম মোল্যা, লিটন মাতুব্বার, ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় করসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



