কুয়াকাটায় জেলে নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি

একটি ইঞ্জিনচালিত জেলে নৌকায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে নৌকাসহ জাল ও ইঞ্জিন পুড়ে গিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
আগুনে ক্ষতিগ্রস্ত নৌকা
আগুনে ক্ষতিগ্রস্ত নৌকা |নয়া দিগন্ত

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ইঞ্জিনচালিত জেলে নৌকায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে নৌকাসহ জাল ও ইঞ্জিন পুড়ে গিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১১ মার্চ) তারাবির নামাজের সময় কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা ও কেন এ আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার বিকেলে মাছ শিকার শেষে জেলে কালাম ও তার সহযোগীরা ইঞ্জিনচালিত ছোট নৌকাটি সৈকতের পূর্ব দিকের ঝাউবন এলাকায় রেখে বাড়িতে চলে যান। পরে তারাবির নামাজ শেষে তারা জানতে পারেন নৌকাটিতে আগুন দেয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন নৌকাটি পুড়ে ছাই হয়ে গেছে।

নৌকার মালিক মহিবুল মল্লিক জানান, রাতে তিনি সমুদ্রে মশারি জাল দিয়ে চিংড়ির রেণু ধরছিলেন। এ সময় হঠাৎ নৌকার দিকে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে অন্য জেলেদের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে নৌকা, জাল ও ইঞ্জিন পুড়ে ব্যাপক ক্ষতি হয়ে যায়। ঘটনাস্থলের পাশে একটি খালি পেট্রোলের বোতল পাওয়া গেছে বলেও তিনি জানান।

তিনি আরো জানান, নৌকাটি তিনি মাসিক ভাড়ায় জেলে কালামের কাছে দিয়েছেন। ওই নৌকায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন কালাম। আগুনে নৌকা, জাল ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈকতে মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে মাঝে মাঝে বিরোধ ও মারামারির ঘটনা ঘটলেও নৌকা বা জালে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা এর আগে তারা দেখেননি। এমন ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মো: নজরুল ইসলাম বলেন, ‘মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কারো জীবিকার একমাত্র অবলম্বন এভাবে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক কাজ। এতে কয়েকটি জেলে পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়েছে।’

এদিকে, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত নৌকাটি পরিদর্শন করেছেন স্থানীয় সাবেক কাউন্সিলর আশরাফ আলী সিকদারসহ বিএনপি নেতারা।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’