কুষ্টিয়ার দৌলতপুরে ছেলে রবিউলের (২৮) টর্চলাইটের আঘাতে বাবা বানেজ চৌকিদার (৫৭) নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণ পুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদুর রহমান জানান, উপজেলার রামকৃষ্ণ পুর ইউনিয়নের চড়ুইকুড়ি গ্রামের বানেজ কয়েকদিন আগে তার বাড়িতে থাকা একটি মহিষ বিক্রি করেন। এরপর তার ছেলে রবিউল তার বাবার কাছে ওই মহিষ বিক্রির টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।
এরই একপর্যায়ে রাত ১০টার দিকে রবিউল তার হাতে থাকা টর্চলাইট দিয়ে বাবা বানেজের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মহিষকুন্ডি নামক স্থানে বানেজের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক রবিউল পলাতক রয়েছেন।
ওসি খালেদুর রহমান আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।



