গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২২) নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড-সংলগ্ন উড়ালসড়কে ওঠার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে টঙ্গী স্টেশন রোড-সংলগ্ন উড়ালসড়কে ওঠার সিঁড়ির কাছে ওই যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন তাকে মারধর শুরু করলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।



