গাজীপুর মহানগরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা-পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কাজীরচর এলাকার তানজিম আহমেদ সোহেল (৩০) এবং গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকার বাবু (৩০)।
পুলিশ জানায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যুবকের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন লাল রঙের একটি টিভিএস অ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকালে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মহানগরে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছেন।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



