ঢাকার ধামরাই উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও জৈব সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এসব বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক-কৃষাণীদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান।
সভা শেষে সংসদ সদস্য তমিজ উদ্দিন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ বৃক্ষ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সোমভাগ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, মাহমুদুল হাসানসহ কৃষক-কৃষাণীরা।
উলেখ্য, এবারে শাক-সবজি কর্মসূচির আওতায় দুই হাজার কৃষক, চলতি মৌসুমের আওতায় দুই হাজার ১০০ কৃষক ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এক হাজার ৯৮ জন কৃষকের মাঝে সার, বীজ ও ফলদ গাছের চারাসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।



