নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকা থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য সাড়ে ১১ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ |নয়া দিগন্ত

কক্সবাজারের টেকনাফে হ্নীলা রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা ইয়াবার মূল্য আনুমানিক সাড়ে ১১ কোটি টাকা।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদককারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় মাদক বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদককারবারিদের আস্তানা হতে দু’টি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়। এসময় উদ্ধারকৃত বস্তুাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তীতে, উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

আইএসপিআর জানায়, দেশব্যাপী অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই সাথে দেশের উপকূলীয় এলাকাকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।