কয়রায় পুলিশের অভিযানে ৮ অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১০

খুলনার কয়রা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে আটজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Location :

Koyra
কয়রায় পুলিশের অভিযানে ৮ অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১০
কয়রায় পুলিশের অভিযানে ৮ অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১০ |নয়া দিগন্ত

কয়রা (খুলনা) সংবাদদাতা

খুলনার কয়রা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে আটজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের ব্যবহৃত স্মার্টফোনে বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন জুয়ার অ্যাপ ও নিষিদ্ধ ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

কয়রা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উপজেলা সদরের মদিনাবাদ গ্রামের প্রতিবন্ধী স্কুলসংলগ্ন কালভার্ট এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মো. জাহিদ হাসান শেখ (২৪), মো. আশিক সরদার (২০) ও আশিকুজ্জামান আকাশ সরদারকে (২২) মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।

এরপর ৫ নম্বর কয়রা গ্রামের লঞ্চঘাট ও জুনিয়র মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. ইব্রাহিম হোসেন (২৫), মো. জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মণ্ডল (৩৫) ও মো. রমজান হোসেনকে (২৯) আটক করা হয়। একই সময়ে উপজেলার অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও অন্যান্য অপরাধে জড়িত আরও দুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার যুবকদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নিষিদ্ধ অনলাইন ক্যাসিনো, বেটিং অ্যাপ ও ডিজিটাল মাধ্যমে লেনদেনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল আলম বলেন, ‘অনলাইন জুয়া ও মাদক দুটিই আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদক সরবরাহকারী, সেবনকারী কিংবা ডিজিটাল জুয়াড়িদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধ নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা তৈরিতেও আমরা কাজ করছি।’