কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আশরাফুল আলম উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকার মরহুম গঞ্জের আলী আকন্দের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে জমিতে সেচ দেয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সেচ পাম্পের তারে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত আশরাফুল আলম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ শক্ত হয়ে গিয়েছিল।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



