ঝালকাঠির কাঁঠালিয়ায় ধান ক্ষেতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদের বিদ্যুৎস্পৃষ্টে আবদুল মজিদ মল্লিক নামের এক বৃদ্ধ মারা গেছেন।
বুধবার (১৮ মার্চ) উপজেলার নেয়ামতপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ মল্লিক (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে কামরুল ইসলাম জানান, তার বাবা বাড়ির পাশের ধান ক্ষেতে ইঁদুর মারা জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতে। বুধবার সকালে কীটনাশক ছিটানোর জন্য ক্ষেতে যান তিনি। এ সময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে স্পর্ষে গুরুতর আহত হন। আলম মল্লিক নামের এক কৃষক পাশের ক্ষেতে কাজ করতে যাবার সময় মজিদ মল্লিককে ক্ষেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



