সাভারে সিইটিপি পরিদর্শন

বিগত বছরগুলোতে চামড়া শিল্পকে নষ্ট করা হয়েছে : শিল্পমন্ত্রী

‘হাজারীবাগ থেকে চামড়া শিল্প যে উপায়ে সাভারে স্থানান্তর করা হয়েছে, সে উপায়ে এই শিল্পকে অবহেলা করা হয়েছে।’

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
বিসিক শিল্পনগরীর অফিসে বিভিন্ন ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বিসিক শিল্পনগরীর অফিসে বিভিন্ন ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির |নয়া দিগন্ত

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘রফতানি ক্ষেত্রে একটি সম্ভাবনাময় খাত ছিল চামড়া শিল্প। কিন্তু বিগত বছরগুলোতে এই খাতকে নষ্ট করা হয়েছে।’ তবে এ সম্ভাবনা এখনো আছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এর হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার- সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ‘হাজারীবাগ থেকে চামড়া শিল্প যে উপায়ে সাভারে স্থানান্তর করা হয়েছে, সে উপায়ে এই শিল্পকে অবহেলা করা হয়েছে। সেজন্য চামড়া শিল্প তার কাঙ্ক্ষিত পথে এগোয়নি। বিগত বছরগুলোতে এই খাতকে নষ্ট করা হয়েছে।’

‘বাংলাদেশে সারা বছর যে পরিমাণ চামড়া আহরিত হয়, তার পুরোটা যদি রফতানি ক্ষেত্রে নেয়া যেত তাহলে ১২ বিলিয়ন ডলারের রফতানিতে পরিণত হতো,’ বলেন তিনি।

তিনি বলেন, ‘সিইটিপি এখন বর্জ্য পরিশোধন হয় ১৪ থেকে ১৮ হাজার পর্যন্ত ফ্রি-ট্রিটম্যানের কোয়ালিটি অনুযায়ী, আর কোরবানির ঈদের পর তা হবে ৪৫ হাজার সিপিএম। তাই আমরা পরিকল্পনা করছি আগামী দিনে সক্ষম ট্যানারিগুলো নিজেদের সিইটিপি নিজেরা স্থাপন করবে। প্রয়োজনে সরকার থেকে সহযোগিতা করা হবে।’

শিল্পমন্ত্রী এসময় আরো বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সিইটিপিকে আরো কর্মময় ও সক্ষম কিভাবে করা যায়, তা আমরা ইতালি কোম্পানির স্টাডি করছি। আশা রাখি দুই সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট পেয়ে যাব।’

‘সিইটিপির সকল সমস্যার সমাধান করা হবে,’ বলেন তিনি।

সিইটিপি পরিদর্শন শেষে মন্ত্রী ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো: শাহীন আহমেদের মালিকানাধীন আনজুমান ট্রেডিং করপোরেশন লিমিটেড পরিদর্শন করেন।

এর আগে তিনি বিসিক শিল্পনগরীর অফিসে বিভিন্ন ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো: শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন, আজগর ট্যানারির মালিক শহীদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম প্রমুখ।