মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রূপসপুরের বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়, এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ।’
তিনি এসব সমস্যা সমাধানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো: মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার প্রধান প্রকৌশলী মো: জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মহসিন মিয়াসহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অভিযানে অংশ নেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি হবে।



