বুড়িচংয়ে পিকআপভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ আটক ৫

অভিযানের সময় একটি নীল রঙের পিকআপে থাকা একটি প্লাস্টিকের ড্রাম ও দু’টি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
আটক পাঁচজন, (ডানে) পিকআপে থাকা তিন ড্রাম তেল
আটক পাঁচজন, (ডানে) পিকআপে থাকা তিন ড্রাম তেল |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে পিকআপে করে পাচারের সময় প্রায় ৫০০ লিটার চোরাই ডিজেলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরা বাজারস্থ মেসার্স মদিনা ফিলিং করপোরেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারির উদ্দেশ্যে নাজিরা বাজারের মেসার্স মদিনা ফিলিং করপোরেশন থেকে ড্রামভর্তি ডিজেল একটি পিকআপযোগে অন্যত্র নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় একটি নীল রঙের পিকআপে থাকা একটি প্লাস্টিকের ড্রাম ও দু’টি লোহার ড্রামে ভর্তি মোট ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক মূল্য ৫০ হাজার ৬০ টাকা। এ সময় একটি পুরাতন সাকুরা জেনারেটরও উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

আটকরা হলেন— বরিশালের পরলোকগত নিখিল বড়ালের ছেলে নিহার বড়াল (৩৯), লক্ষ্মীপুরের মো: মোস্তফার ছেলে রাকিব হোসেন (২৪), চট্টগ্রামের মরহুম বদরুজ্জামানের ছেলে মো: নুর উদ্দিন (২৮), নোয়াখালীর মো: ফজলুল হোসেনের ছেলে মো: ইসমাইল হোসেন (২৬) ও কুমিল্লার বুড়িচং থানার পরলোকগত মাখন চন্দ্র দাসের ছেলে রতন চন্দ্র দাস (৫০)।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, দেশের চলমান জ্বালানি তেলের সঙ্কটকে পুঁজি করে কালোবাজারির উদ্দেশ্যে তারা ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। আটক রতন চন্দ্র দাস ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।