চট্টগ্রামের আনোয়ারায় বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে মারা যাওয়া শিশু মো: ইশতিয়াকের (৬) পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
এছাড়াও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) উপজেলার বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকার হাসান সর্দারপাড়ায় ওই শিশুর বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিন উদ্দিন।
এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।
পরে ইউএনও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন।
ইউএনও মো: মহিন উদ্দিন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার রয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার উপজেলার বুরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকার বাড়ির পাশের বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ইশতিয়াকের মৃত্যু হয়।



