রামুতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

গত কয়েকদিন ধরে ওই ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ফলে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্ধ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বিছানায় বাদলের লাশ পড়ে থাকতে দেখে।

রামু (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Ramu
নিহত বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল
নিহত বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল |নয়া দিগন্ত

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২৫) নামে এক টমটম চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত বাদল উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা ও টিকটকার হিসেবে পরিচিত তাহেরা বেগম আঁখি নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ফলে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্ধ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বিছানায় বাদলের লাশ পড়ে থাকতে দেখে। লাশের অবস্থা দেখে পুলিশের ধারণা, অন্তত তিন দিন আগে তাকে অত্যন্ত নৃশংসভাবে শাসরুদ্ধ করে এবং গলাকেটে হত্যা করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, পরিবারের অমতে টিকটকার আঁখিকে বিয়ে করায় স্বজনরা বিষয়টি মেনে নেয়নি। এই নিয়ে বিরোধের জেরে বাদল তার স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকতে শুরু করেন।

রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) স্বপন বড়ুয়া বলেন, ‘নিহত বাদলের স্ত্রী আগে বিবাহিত হওয়ায় বাদলের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। যার ফলে তারা আলাদা বাসা নিয়ে সংসার করছিলেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হলে সামাজিকভাবে আমরা বসে সেটি মীমাংসা করে দিয়েছিলাম।’

নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে স্ত্রী আঁখি নিজেই বাদলকে পরিকল্পিতভাবে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। গত তিন দিন ধরে আঁখির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইলফোনও বন্ধ রয়েছে।

রামু থানার ওসি (তদন্ত) মো: ফরিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।