গলাচিপায় বৃষ্টির মধ্যেই চলছে রাস্তার কাজ, মান নিয়ে প্রশ্ন

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো: ইজাজুল হক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি ইতোমধ্যে প্রকৌশলীর সাথে কথা বলেছি। সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
বৃষ্টি ও কাদা-পানির মধ্যেই চলছে রাস্তার আরসিসি ঢালাই কাজ
বৃষ্টি ও কাদা-পানির মধ্যেই চলছে রাস্তার আরসিসি ঢালাই কাজ |নয়া দিগন্ত

পটুয়াখালীর গলাচিপা স্থানীয়দের বাধা উপেক্ষা করে মুষলধারে বৃষ্টির মধ্যেই চলছে আরসিসি রাস্তার ঢালাই কাজ। নিম্ন মানের কাজের অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে উপজেলার উলানিয়া বাজারের ওয়াপদা বেড়িবাঁধের রাস্তায় বৃষ্টির পানির মধ্যে এ ঢালাই কাজ করতে দেখা যায়।

এলাকাবাসী জানায়, বৃষ্টির পানির মধ্যে রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উলানিয়া বাজারের ওয়াপদা বেড়িবাঁধের ওপর এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৪৭০ মিটার আরসিসি ঢালাই রাস্তার কাজ পান পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ডালিয়া ট্রেডার্স। প্রতিষ্ঠানটি গত বছরের ডিসেম্বরে গাইড ওয়ালের কাজ শুরু করার পর কিছুদিনের জন্য নির্মাণকাজ বন্ধ থাকে।

স্থানীয় ইউপি সদস্য মাসুম হাওলাদার অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে এলাকাটিতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কিন্তু ঠিকাদারের লোকজন জমে থাকা বৃষ্টির পানির তোয়াক্কা না করেই ঢালাইয়ের কাজ চালিয়ে যায়। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি রহস্যজনকভাবে কোনো পদক্ষেপ নেননি।’

এ বিষয়ে উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী রিপন দাস দাবি করেন, গাইড ওয়ালের ভেতরে কিছু বৃষ্টির পানি জমেছিল, যা পাম্পের মাধ্যমে সেচ করা হয়েছে। এতে ঢালাইয়ের কোনো ক্ষতি হবে না।

উপজেলা প্রকৌশলী মো: হাবিবুর রহমান জানান, বৃষ্টির পানি জমে না থাকলে ঢালাই কাজে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো: ইজাজুল হক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি ইতোমধ্যে প্রকৌশলীর সাথে কথা বলেছি। সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’