পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর ট্রাভেলার ফার্ম বা লোহার শাটার ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ শ্রমিক।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। আহতরা হলেন- রঞ্জু ও রাকিবুলসহ ১০ জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার শাটারের উপর বসে রড বাঁধাইয়ের কাজ শুরু করেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ চেইন ছিঁড়ে শ্রমিকদেরসহ শাটারটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সাথে সংযুক্ত এক হাজার ১৮০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন করপোরেশন (সিসিইসিসি) নামে দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ এ সেতুর নির্মাণকাজ শুরু হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা সরঞ্জামে অনেকটা ঘাটতি ছিল বলে জানান শ্রমিকরা।



