সাঘাটায় মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

‘অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেয়া হয়েছে।’

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
কারাদণ্ডপ্রাপ্ত মাদক কারবারি জাহাঙ্গীর আলম
কারাদণ্ডপ্রাপ্ত মাদক কারবারি জাহাঙ্গীর আলম |নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদক সেবনের অপরাধে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত আট থেকে ১০টি মামলা রয়েছে।

‎সোমবার (২ মার্চ) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড প্রদান করে।

‎দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উপজেলার বোনারপাড়া এলাকার শিমুল তাইড় (কুলিপট্টি) গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে।

জানা যায়, ‎বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আব্দুল কাইউমের নেতৃত্বে এসআই মফিজুর রহমানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে নিজ বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। ‎অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর নয়া দিগন্তকে বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সাথে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড দেয়া হয়েছে।’