মাদারীপুরে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সঙ্কট করেছে এমন খবরে র‌্যাবকে সাথে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ
বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ |নয়া দিগন্ত

মাদারীপুরে অবৈধভাবে মজুত করে রাখা ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‍্যাব।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে অভিযান চালিয়ে বাচ্চু সরদার নামে এক ব্যবসায়ীর বাড়ির গোডাউন থেকে ওই তেল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল।

জানা যায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সঙ্কট করেছে এমন খবরে র‌্যাবকে সাথে নিয়ে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারের বাচ্চু সরদারের বসতঘরে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত অবস্থায় পাওয়া যায়। এ সময় অবৈধ তেল মজুতের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা। পরে সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যে জব্দকৃত সয়াবিন তেল বাজারে ছাড়ার শর্তে মুছলেকা নেয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার জন্য এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।