চাঁদা না পাওয়ায় ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ

জায়গা বিক্রির খবর পেয়ে ওই দিন বিকেলে আজিজুল ব্যবসা প্রতিষ্ঠানে আসেন এবং নানাভাবে ভয়ভীতি ও ভবিষতে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajgonj
ব্যবসায়ীকে মারধর
ব্যবসায়ীকে মারধর |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে চাঁদা দেয়ার পরও কাঙ্ক্ষিত চাঁদা না পাওয়ায় মো: আলমাছ মাহমুদ নামের এক সার-কীটনাশক ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে মো: আজিজুল হক (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আজিজুল গোন্তা গ্রামের আকছেদ আলীর ছেলে ও ভুক্তভোগী ব্যবসায় আলমাছ ওই গ্রামের মরহুম নবির উদ্দিনের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী আলমাছ জানান, তিনি স্থানীয় গোন্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন। আর ব্যবসার পুঁজি বাড়াতে গোন্তা বাজারে থাকা তার নিজ নামীয় একটি জায়গা ১৩ লাখ টাকায় বিক্রি করে তা গত বুধ ক্রেতাকে রেজিস্ট্রি করে দেন। এরপর জায়গা বিক্রির খবর পেয়ে ওই দিন বিকেলে আজিজুল ব্যবসা প্রতিষ্ঠানে আসেন এবং নানাভাবে ভয়ভীতি ও ভবিষতে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন।

তিনি বলেন, ‘এসময় আজিজুল আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করেন। আমি ভয় পেয়ে তাকে দোকানের ক্যাশ বাক্স থেকে ৮২ হাজার টাকা প্রদান করি এবং তিনি টাকা নিয়ে চলে যান। কিন্তু বৃহস্পতিবার আজিজুল ফের আরো এক লাখ ১৮ হাজার টাকা চাঁদা দাবী করেন। আমি চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তিনি প্রকাশ্য বাজারে আমাকে গালাগাল শুরু করেন ও আমাকে বেদম মারপিট করতে থাকেন। একই সাথে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে বাজারের লোকজন আমাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।’

অভিযুক্ত আজিজুল তার বিরুদ্ধে করা ব্যবসায়ী আলমাছের চাঁদা দাবী ও মারপিটের অভিযোগ অস্বীকার করেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যক্তি জানিয়েছেন, আজিজুল দীর্ঘ পাঁচ-ছয় বছর যাবত এলাকায় নানাভাবে চাঁদাবাজী করে আসছেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।