রাণীনগরে ভটভটি উল্টে কিশোর নিহত, আহত ৮

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে রিফাত ও মোহাম্মদ আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Naogaon
উল্টে যাওয়া ভটভটি
উল্টে যাওয়া ভটভটি |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে ঈদের দিন ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে হৃদয় হোসেন (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো আটজন।

শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার ভাটকৈ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আহতরা হলেন আমিরপুর গ্রামের রিপনের ছেলে রিফাত হোসেন (১১), আশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (১২),মোফাজ্জল হোসেনের ছেলে ছোলাইমান আলী (১৮), শুকুর উদ্দীনের ছেলে মাসুদ রানা (১৬), রুবেল হোসেনের ছেলে আব্দুল আলিম (১১), আলাউদ্দীনের ছেলে ওমর আলী (১২), খলিলুর রহমানের ছেলে ইউসুফ আলী (১৭) এবং উজ্জল হোসেনের ছেলে রিংকু হোসেন (১৭)।

রিফাত এবং মোহাম্মদ আলীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত হৃদয়ের চাচা জামাল উদ্দীন বলেন, ‘ঈদ-উল-ফিতরের নামাজ শেষে গ্রামের ২০-২৫জন কিশোর ভটভটি ভাড়া করে দু’টি সাউন্ডবক্স নিয়ে গান বাজিয়ে বিভিন্ন এলাকা ঘুরে উৎসব করছিল। রাত অনুমান পৌনে ৯টায় নাগাদ বাড়ি ফেরার পথে এলাকার ভাটকৈ গ্রামের খগেনের মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে সড়কের পাশে খালে পরে যায়। এতে ভটভটির নিচে চাপা পরে ঘটনাস্থলেই হৃদয় মারা যায়।’

আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে রিফাত ও মোহাম্মদ আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু কুমার বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হৃদয়ের লাশ হস্তান্তর করা হয়েছে।’