লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার

গ্রেফতার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
ধর্ষণের মামলায় গ্রেফতার অভিযুক্ত সেলিম শেখ
ধর্ষণের মামলায় গ্রেফতার অভিযুক্ত সেলিম শেখ |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সেলিম শেখকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মামলা দায়েরের পর আসামি সেলিম শেখকে গ্রেফতার করা হয়। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মামলা ও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাক-প্রতিবন্ধী ওই কিশোরী লোহাগড়া এলাকার একটি গ্রামে তার নানা বাড়িতে থাকতেন। শুক্রবার বিকেল ৪টার দিকে অভিযুক্ত সেলিম শেখ তাকে তার বাড়ির পাশের রাস্তা থেকে ইজিবাইক যোগে তুলে নিয়ে যায়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সন্ধ্যায় তাকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে, পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সবকিছু জানার পরে পরিবারের লোকজন তাকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সেলিম শেখের বিরুদ্ধে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত সেলিম শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ভুক্তভোগী মেয়েটির মা শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামি সেলিম শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।