রাজশাহী নগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় বিডি ফুড ও আকিজ ফুডের ডিপোর একটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ডিপোর মালিক।
রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে পাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালান। আগুন লাগার সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
ডিপোর মালিক পলাশ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যসামগ্রী আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তদন্ত করে দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হবে।



