মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধ মাটিকাটা বন্ধে পরিচালিত যৌথবাহিনীর টাস্কফোর্স অভিযানে সম্রাট খান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার ভোর ২টা পর্যন্ত উপজেলার লতব্দি এলাকার রামকৃষ্ণদি, বালুচরের কয়রাখোলা, বাসাইলের ঘোড়ামাড়া এবং কেয়াইন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান ও টহল কার্যক্রম পরিচালিত হয়।
আটক সম্রাট কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খানের ছোট ছেলে বলে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো: তানজীব, সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি, সার্কেল এএসপি আনোয়ার পারভেজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নানসহ সেনা ও পুলিশ সদস্যরা।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি কর্তন রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।



