লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীবেষ্টিত চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়া দেড় শতাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আটকা পড়া পর্যটকদের চর থেকে উদ্ধার করে আলেকজান্ডার নিয়ে আসা হয়।
এর আগে, বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকাযোগে পর্যটকরা চরে ঘুরতে যান। সেখানে পৌঁছানোর পরপরই ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী উত্তাল থাকায় ঝুঁকিতে তাদের আর ফেরা হয়নি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘চরে দেড়শতাধিক মানুষ ঘুরতে গিয়ে আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নদীতে জোয়ার আসার পর রাতে তাদের নিয়ে আসা হয়েছে।’
এ বিষয়ে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ‘আটকা পড়া পর্যটকদের নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। খবর পেয়ে সেখানে থানা-পুলিশ ও নৌ পুলিশ পাঠানো হয়। পরে রাতে তাদের নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। সবাই বাড়ি ফিরেছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের সময় লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধে ঘুরতে আসেন। এ বিনোদনকেন্দ্রটি মিনি কক্সবাজার হিসেবেও পরিচিত। এরমধ্যে নদীবেষ্টিত চরেও অনেকে ঘুরতে যান। শুক্রবার বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলার করে পর্যটকরা ঘুরতে গিয়ে ঝড়-বৃষ্টিতে আটকা পড়েন। এরমধ্যে নারী-পুরুষ এবং শিশুও ছিল।



