সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে চৌহালী উপজেলা প্রশাসন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে এই অভিযান কার্যক্রম শুরু করেন চৌহালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান।
প্রথম দিনে এনায়েতপুর হাটে অবৈধভাবে নির্মিত এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয়সহ অন্তত ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে অভিযান সূত্র নিশ্চিত করে। এর আগে গত বছরের ৯ নভেম্বর এনায়েতপুর হাটে আওয়ামী লীগ কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ ও মানববন্ধন করে ব্যবসায়ীরা।
এনায়েতপুর হাট ইজারাদার আনিছুর রহমান বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এনায়েতপুর কাপড়ের হাটের মূল জায়গা দখল করে আওয়ামী লীগ কার্যালয়সহ অবৈধ স্থাপনা নির্মাণ করে প্রভাবশালীরা। এতে হাটের মোট ৩১.৩৮ একর জায়গার মধ্যে প্রায় ২১.৩৮ একর ভূমি এখনো দখলদারদের কবলে রয়েছে। ফলে হাটের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যহত হচ্ছে এবং সরকারের রাজস্ব আদায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দাখিলের পর আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে উপজেলা প্রশাসন।’



