বিত্তবানদের সহযোগিতায় বাঁচতে চায় শিশু আদনান আবিদুল্লাহ (৪)। চোখে-মুখে তার বেঁচে থাকার আকুতি। জন্মগতভাবে হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে পৃথিবীতে আসে এই শিশু। বয়স বাড়ার সাথে সাথে তার সমস্যাটি যেন আরো বাড়তে থাকে। এতে তার স্বাভাবিক বৃদ্ধি (গ্রোথ) বাধাগ্রস্ত হচ্ছে। বয়স চার বছর হলেও তাকে দেখে বোঝার উপায় নেই। খাওয়া দাওয়া ও চলাফেরা করা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এই শিশুর চিকিৎসার জন্য মা-বাবার প্রায় সাত লাখ টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে জোগান দেয়া সম্ভব না। বিত্তবানদের সহযোগিতা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে বাঁচতে পারে এই কোমলমতি শিশু আবিদুল্লাহ।
খোঁজ নিয়ে জানা গেছে, আবিদুল্লাহ মিরসরাই উপজেলার ওয়াহেপুর ইউনিয়নের বড়দারোগারহাট এলাকার মৎসবীজ উৎপাদন খামারের কর্মচারী মো: ছালাম ও নুসরাত জাহানের একমাত্র ছেলে। জন্মগতভাবে সে হৃদ্রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার মাধ্যমে রোগের মুক্তি মিলতে পারে বলে জানিয়েছেন তার চিকিৎসক।
বড়দারোগারহাট মৎস্য বীজ উৎপাদন খামারের অস্থায়ী চতুর্থ শ্রেণির কর্মচারী তার বাবার পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব হওয়াতে আবিদুল্লাহ চিকিৎসার ব্যয়ভার বহনে তৈরি হয়েছে অনিশ্চয়তা। খামারের কাছেই মা-বাবার সাথে যন্ত্রণা নিয়ে দিন পার করছে এই শিশুটি। টাকার অভাবে চোখের সামনে ছেলের এমন দুঃসহ কষ্ট সইতে পারছে না তার মা-বাবা।
আবিদুল্লাহর বাবা মো: ছালাম বলেন, আমার ছেলে জন্মগতভাবে হার্টের সমস্যায় ভুগছে। তার হার্টে ছিদ্র ধরা পড়েছে। হার্টের রক্তনালী চিকন হওয়াতে সে যখন কাঁদে তখন তার শরীর নীল বর্ণের হয়ে যায়। তখন তার নিশ্বাসও বন্ধ হয়ে যায়।
ডাক্তার বলেছে, উন্নত চিকিৎসার ফলে তার এ রোগের প্রতিকার করা সম্ভব। এতে প্রায় সাত লাখ টাকা ব্যয় হবে। কিন্তু আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে আমার ছেলেটাকে বাঁচাতে পারব। এ জন্য সবার কাছে সহযোগিতার অনুরোধ করছি।
সোলালী ব্যাংক মিরসরাই শাখা- (অ্যাকাউন্ট নম্বর : ০৮১৪৪০১০১৯৮৭০), এছাড়া নগদ/বিকাশ : ০১৭৭২-১১৪৫৫৪ (পার্সোনাল) নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন।



