কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আসরের নামাজ শেষে আহমেদ আলী সানা মাঠ থেকে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কাশিরহাটখোলা-কয়রা সড়কে উপজেলা সদর থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Khulna
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত |প্রতীকী ছবি

খুলনার কয়রা উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আহমেদ আলী সানা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও অপর এক আরোহী আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাশির হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী সানা উত্তর বেদকাশী ইউনিয়নের হাজতখালী গ্রামের মরহুম অসির আলী সানার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসরের নামাজ শেষে আহমেদ আলী সানা মাঠ থেকে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কাশিরহাটখোলা-কয়রা সড়কে উপজেলা সদর থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা সদরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো: শওকাত আলী গাজী জানান, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে এসে বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে দু’জন আরোহী ছিলেন। তারাও সামান্য আহত হন। স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে পথিমধ্যে তারা কৌশলে পালিয়ে যান। তবে মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে ছিল।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে তারা সড়কটিতে স্পিড ব্রেকার নির্মাণসহ প্রয়োজনীয় ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কয়রা থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।