সিরাজদিখানে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

শনিবার দিবাগত রাত ১টার দিকে এক ব্যক্তিকে ওই পুকুরে সাঁতার কাটতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন তাকে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan
লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ, স্থানীয়দের ভিড়
লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ, স্থানীয়দের ভিড় |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এক ব্যক্তিকে ওই পুকুরে সাঁতার কাটতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন তাকে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি। অন্ধকার ও ভয়ের কারণে কেউ পানিতে নেমে তাকে উদ্ধারের সাহস পাননি।

আজ রোববার বিকেলে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।