নড়াইলের লোহাগড়ায় বাঁশের ধাক্কায় চাচার বালু পরিবহনের চলন্ত ট্রাক্টর থেকে পড়ে ভাতিজা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ইটভাটা এলাকার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই ভাতিজার নাম নয়ন মোল্যা (১১)। সে শহরের মোচড়া এলাকার উত্তর পাড়ার পিকুল মোল্যার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মোচড়া উত্তরপাড়ার শ্রমিক আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সাথে নিয়ে পার্শ্ববর্তী মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালুভর্তি করে মোচড়ার দিকে ফিরছিল। এ সময় ভাতিজা নয়ন বালুভর্তি ট্রাক্টরের উপরে বসে ছিল।
বালুভর্তি ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার কাছাকাছি এলে সড়কের পাশে থাকা বাঁশে আঘাত লেগে হঠাৎ ভাতিজা নয়ন ট্রাক্টরের উপর থেকে ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে। এতে তার মাথা থেঁতলে যায়। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।



