নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত প্রায় সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এ তথ্য জানান।
এর আগে, রোববার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ডাকাত সর্দার কবির হোসেন, জুয়েল মিয়া, মো: সজিব ও শাকিল মিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৮ জুলাই প্রবাসী মাহমুদুল হাসান আরমান তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৫-৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের গাড়ির গতিরোধ করে।
এসময় ডাকাতরা গাড়ি থামিয়ে প্রবাসী আরমান ও তার পরিবারের সদস্যদের মারধর করে সাথে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন, পাসপোর্ট ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক পরদিন সোনারগাঁও থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তদন্তে নেমে সোনারগাঁও থানা পুলিশ রোববার রাতে প্রথমে চট্টগ্রাম থেকে চার ডাকাতকে গ্রেফতার করে।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের মাগুড়া প্লট এলাকার একটি ঝোপঝাড় থেকে লুণ্ঠিত ৮ ভরি ৭ আনা ৫ রতি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এ মামলার ঘটনায় জড়িত আরো এক আসামি পলাতক আছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।



