বিএনপির সাথে মতপার্থক্য থাকবে, উন্নয়নে নয় : এমপি মাসুদ সাঈদী

রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সবাইকে একসাথে কাজ করতে হবে।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur
ঈদ উপহার বিতরণ করছেন এমপি মাসুদ সাঈদী
ঈদ উপহার বিতরণ করছেন এমপি মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

বিএনপির সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য—তবে পিরোজপুরের উন্নয়নের প্রশ্নে কোনো মতপার্থক্য থাকবে না বলে জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনীতিতে ভিন্নমত থাকবেই, কিন্তু জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করবো। পিরোজপুরকে একটি রোল মডেল জেলায় পরিণত করতে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো মতপার্থক্য থাকবে না।’

তিনি আরো বলেন, ‘চেয়ার বা পদ যেন আমাদের অহংকারী না করে ফেলে। আমরা যে অবস্থানেই থাকি না কেনো, সেই দায়িত্ব আমাদের বিনয়ী করে তুলবে—এটাই প্রত্যাশা।’

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ সাঈদী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো উপহার কোনো দয়া নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার। আমরা চাই পিরোজপুরের প্রতিটি ঘরে ঈদের হাসি ছড়িয়ে পড়ুক।’

তিনি আরো বলেন, ‘আজ সবাইকে ঈদ সামগ্রী দেয়া সম্ভব হয়নি। যারা এবার পাননি, ভবিষ্যতে বরাদ্দ এলে তাদের অগ্রাধিকার দেয়া হবে।’

অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলায় ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও শাড়ি-কাপড় বিতরণ করা হয়। এছাড়া আগুনে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হকসহ অন্য নেতারা।