মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন লৌহজং উপজেলার কারপাশা গ্রামের লিটন শেখ (৫২), মৌছামান্দ্রা গ্রামের মো: জীবন হোসেন (৩১), পাশের শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের মো: সাইফুল ইসলাম শাহীন (৩৫) এবং ষোলঘর ভূইচিত্র গ্রামের মো: তুষার (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, রাত পৌনে ২টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোয়ালীমান্দ্রা গ্রামের ইটের সোলিং রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় লিটন শেখ, মো: সাইফুল ইসলাম শাহীন, মো: তুষার ও মো: জীবন হোসেনকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।



