নোয়াখালীর বেগমগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে তরিক উল্লা (৭৫) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও তার বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। এ সময় তাকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ডসহ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়।
তরিক উল্লা দূর্গাপুর ইউনিয়নের মফিজ উল্লার ছেলে।
বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাহাদাত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই ব্যক্তি ভেকু দিয়ে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন। তাকে অর্থদণ্ড ও মামলা করা হয়েছে। আমরা একটি এস্কেভেটর জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রেখেছি।’
অভিযান চলাকালে আদালতকে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানার এএসআই বাদশার নেতৃত্বে পুলিশের একটি টিম।



