যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে সারা দেশে আটক ৫ শতাধিক

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান চালানো হয়। যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে সারাদেশে আটক পাঁচ শতাধিক
সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে সারাদেশে আটক পাঁচ শতাধিক |প্রতীকী ছবি

যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে (২৩-২৯ জানুয়ারি) সারা দেশে ৫০৪ জনকে আটক করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান চালানো হয়। যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকের পর তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান চালাচ্ছে। এছাড়া শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে।

যেকোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

সূত্র : বাসস