কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে কোরবানির গরুবাহী পিকআপের সাথে নসিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রাজিব (৩৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি মারাত্মক আহত হলে সেগুলো তাৎক্ষণিক জবাই করা হয়।
নিহত রাজিব পাশের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের মজলিস মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত গরু ব্যবসায়ী হারুন মিয়াসহ তিন জনের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের রসুলপুর এলাকায়। তাদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: খোরশেদ আলম বলেন, গরুবাহী পিকআপের সাথে নসিমনের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা মারাত্মক। তাদের চিকিৎসা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
পিরিজপুর বাজার বণিক সমিতির সদস্য কবির মিয়া স্থানীয় লোকজনের বরাতে জানান, কটিয়াদী থেকে গরুভর্তি একটি পিকআপ ভৈরবের একটি হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি খালি নসিমন-টমটমের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি জানান, পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটির অবস্থা গুরুতর হওয়ায় মালিকের অনুমতিতে সেগুলো জবাই করা হয়েছে।



